রামগড়ে পূজা মণ্ডপ ও বৌদ্ধ বিহারে অনুদান, ঢলে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা

১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ এএম


রামগড়ে পূজা মণ্ডপ ও বৌদ্ধ বিহারে অনুদান, ঢলে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুটি পূজা মণ্ডপে ৮০ হাজার টাকা আর্থিক অনুদান এবং ৫৯টি বৌদ্ধ বিহারে চালের বরাদ্দপত্র (ডিও) বিতরণ করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। একই সফরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শিশু খাদ্য ও কৃষকদের মধ্যে গো-খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ এবং স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় উদ্বোধন করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড় কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এ সময় দক্ষিণেশ্বরী কালীবাড়ি ও বাসন্তী মন্দির পূজা মণ্ডপের জন্য ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে উপজেলার দুটি মন্দির এবং ৫৯টি বৌদ্ধ বিহারের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র সংশ্লিষ্ট পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে ২০টি পরিবারের মধ্যে শিশু খাদ্য এবং ৩০ জন কৃষকের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়।

একই সফরে রামগড়ের হাতির খেদা এলাকায় বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য। পরে ফিতা কেটে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় উদ্বোধন করেন তিনি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াদুদ ভূঁইয়া। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Ads