মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গোলাম রাব্বানী

১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পিএম


মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২৫), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দুর্গাপুর গ্রামের খোয়াজা উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ধানবোঝাই একটি ট্রাক দেলুয়াবাড়ী থেকে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঁকাপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই শাকিল আহমেদ নিহত হন। আহত জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ads