ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রাজাপুরে বিক্ষোভ


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রাজাপুরে বিক্ষোভ

আসরের নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী একাধিক ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন ও তৌহিদি জনতার উদ্যোগে একাধিক ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রাজাপুর বাইপাস মোড়ে গিয়ে অবস্থান নেয়।

বিকেল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজাপুর বাইপাস মোড়ে জড়ো হতে থাকেন। তারা গাজায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানান এবং মুসলিম উম্মাহর প্রতি সংহতি প্রকাশ করেন। ব্যানার, ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে তারা ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা কারী ইব্রাহিম আল হাদী, রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বায়জিদ হক ফরাজি। এছাড়া জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমির মাওলানা মাস্টার কবির হোসেন, সাবেক আমির মাওলানা আবু বকর ও মাওলানা মো. হেমায়েত উদ্দীনসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, “ফিলিস্তিনের গাজায় ইতিহাসের নৃশংসতম হামলা চালানো হয়েছে। এ হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নিরবতা উদ্বেগজনক। বাংলাদেশে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।”

তারা আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে এই গণহত্যার বিরুদ্ধে এক কণ্ঠে আওয়াজ তুলতে হবে। বিভিন্ন ব্যানারে আন্দোলনের উদ্দেশ্য হলো—ইসলামের পক্ষে কে আছে আর কে নেই, সেটি স্পষ্ট করা। যেন স্বার্থান্বেষী ও ক্ষমতালোভীরা আন্দোলনের ফল ভোগ করতে না পারে।”

ছাত্র ও যুবসমাজ বলেন, “এই মুহূর্তে আমাদের উপস্থিতি এবং প্রতিবাদই ফিলিস্তিনের মানুষের জন্য সহমর্মিতা প্রকাশের শক্তিশালী উপায়। মানবাধিকার ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান নিতে হবে।”

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা “জাতিসংঘ জবাব দাও—গাজায় হামলা কেন?”, “দুনিয়ার মুসলিম এক হও, এক হও” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

Ads