উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে কোস্টগার্ডকে আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে কোস্টগার্ড মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং কোস্টগার্ডে এভিয়েশন উইং প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ও তুলে ধরেন তিনি।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। এ সময় রাষ্ট্রপতি কোস্টগার্ডের উন্নয়ন ও কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























