গলা কাটা অবস্থায় গাড়িতে পড়ে ছিল ব্যবসায়ীর দেহ
০৮ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম
গাড়ির ভেতরে এক ব্যক্তিকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছবি- সংগৃহীত
নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাত ১০টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা গাড়ির ভেতরে এক ব্যক্তিকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্ত করে।
মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’























