দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবায় ১৭ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ
১৩ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৭ জন স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক আলতাফ মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে নিলা ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, পাহাড়ের দুর্গম এলাকার মানুষের কাছে সময়মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া, জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নালসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, প্রশিক্ষণ-সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরাও এতে অংশ নেন।
গত ২ আগস্ট মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

















