খাগড়াছড়ির ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের উদ্যোগে চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ
১৪ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম
খাগড়াছড়ির ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের উদ্যোগে “একটি গাছ, একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলাকার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ঠাকুরছড়া জাগরণ পাঠাগারে আয়োজিত এ কর্মসূচিতে পাঠাগারের সভাপতি প্রজ্জ্বল ময় রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা খনিরঞ্জন ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে খনিরঞ্জন ত্রিপুরা বলেন, “শিক্ষা আমাদের মনকে আলোকিত করে এবং সঠিক পথ দেখায়। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। অন্যদিকে, বৃক্ষরোপণ আমাদের পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আসুন, শিক্ষার আলো ছড়িয়ে দিই এবং বেশি করে গাছ লাগাই।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার এবং প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিকাশ রোয়াজা, হামরনায় বন্থার সভাপতি মিলন ত্রিপুরা, পাঠাগারের সম্পাদক সুকান্ত ত্রিপুরা, এলাকার সমাজসেবক ইন্দ্র কুমার ত্রিপুরা, তরুণ সমাজকর্মী দেবাশীষ রোয়াজা, বরণ ত্রিপুরা, প্রনেশ ত্রিপুরা এবং পাঠাগারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার প্রসার ও পরিবেশ সংরক্ষণ—এই দুই উদ্যোগকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি সচেতন, শিক্ষিত ও সবুজ সমাজ গড়ে তোলা সম্ভব।

















