ডিবি পরিচয়ে এনসিপির যুব নেতাকে আটকের চেষ্টার অভিযোগ
১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম
খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির সদর উপজেলা কমিটির আহ্বায়ক মো. বেলালকে আটকের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ভুলবশত বেলালকে আটকের চেষ্টা করা হয়েছিল।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
বেলালের অভিযোগ, বিকেলে চেঙ্গী স্কয়ার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সাদা পোশাকে চার-পাঁচজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করা হয় এবং পকেটে থাকা প্রায় সাড়ে চার হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
বেলাল বলেন, বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শরিফুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ভুলবশত মো. বেলালকে আটকের চেষ্টা করা হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ডিবি পুলিশের সদস্য ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি ডিবি কর্মকর্তা। তিনি বিষয়টি পরে জানানো হবে বলে জানান।
বেলালের মোবাইল ফোন ও টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ বা তদন্ত শুরু হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

















