অস্ট্রেলিয়ার পুলিশ হেডকোয়ার্টারের সামনে গোলাগুলিতে নিহত ২
০৩ অক্টোবর ২০১৫, ১২:২৬ এএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: অস্ট্রেলিয়ার বন্দর নগরী সিডনিতে বন্দুকধারীর গুলিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে একজন নিহত হয়েছে। পরবর্তীতে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।
শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে নিহত ব্যক্তি পুলিশের আইটি বিভাগের কর্মী ছিলেন।
খবরে বলা হয়, এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি হামলাকারীর বিষয়ে। সিডনির পশ্চিমাঞ্চলে নিউ সাউথ ওয়েলসে অবস্থিত পুলিশ সদর দফতরের সামনে চার্লস স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ওই এলাকা ব্যবসায়িক কেন্দ্র পারামাত্তায় অবস্থিত।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, একজনকে গুলি করা হচ্ছে দেখে এক পুলিশ কর্মকর্তা তার অস্ত্র ব্যবহার করেছেন। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। গুলির ঘটনার কারণও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশের একটি সংকটকালীন দল এখন এ ঘটনার তদন্ত পরিচালনা করবে।


























