রাশিয়া-ইউক্রেনকে ৩ দফা যুদ্ধবিরতির প্রস্তাব ভারতের
০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেনকে তিন দফা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ভারত। এর মাধ্যমে চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সিএনএন-নিউজ১৮ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইউক্রেন সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সফরে তিনি ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। পরে রুশ কর্মকর্তাদের সঙ্গেও একই বিষয়ে আলোচনা করেন তিনি।
ভারতের প্রস্তাবিত তিন দফা যুদ্ধবিরতিতে গুরুত্ব দেওয়া হয়েছে—
জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা বন্ধ করা
কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করা।
ভারতের এই প্রস্তাবে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বিষয়কে একসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা, খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক নৌযানের নিরাপদ চলাচল।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতির উদ্যোগের প্রস্তাব দিয়েছে মিশর, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। তবে ভারতের প্রস্তাবে অবকাঠামো ও সামুদ্রিক বাণিজ্যের পাশাপাশি পণ্য সরবরাহ সচল রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিশর ও তুরস্কের উদ্যোগে মূলত কৃষ্ণসাগর দিয়ে শস্যের সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অন্যতম বিষয় ছিল জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা।
ভারতের তিন দফা প্রস্তাবে এসব বিষয়কে একত্র করার পাশাপাশি কৃষ্ণসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।


































