ভারতের মহারাষ্ট্রে বজ্রপাতে নিহত ৩০
০৪ অক্টোবর ২০১৫, ১১:২৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ভারতের মহারাষ্ট্র রাজ্যে শনিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টার বজ্রপাতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। এ রাজ্যে গত তিন দিন ধরে বজ্রসহ ভারী বর্ষণ ও ঝড় বয়ে যাচ্ছে। ফলে রাজ্যজুড়ে জলাবদ্ধতা বাড়ছে।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্যানুযায়ী, ভারতে বেশিরভাগ বছরে প্রাকৃতিক কারণে মোট মৃত্যুর কমপক্ষে ১০ শতাংশ ঘটে বজ্রপাতে । ২০০৫ সাল থেকে প্রতি বছর বজ্রপাতে কমপক্ষে দুই হাজার লোক প্রাণ হারাচ্ছে। মহারাষ্ট্রের মারাঠাওয়াদা, বিদর্ভ, নাগপুর, যাভাতমাল, ওয়ার্দা জেলা ও পুনে নগরীতে বজ্রপাতে ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।
পুনে নগরীতে ভারী বর্ষণ হয়েছে। ফলে কাদাখওয়ালা বাঁধের মত বিভিন্ন জলাধারে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। কাদাখওয়ালা বাঁধের চারটি প্রকল্পে ১৪২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন খাল ও নদ-নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। বজ্রপাতে বেশ কয়েকটি কুঁড়ে ঘর বিধ্বস্ত হয়েছে।
পুনের আবহাওয়া দপ্তর, আগামী দু’দিন রাজ্যে ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে।
সূত্র: বাসস


























