ফের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৩৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে ২০২৪, ১০:৫১ এএম


ফের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৩৭ ফিলিস্তিনি নিহত

ছবি- সংগৃহীত।

 

গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় আরও বেশ কয়েক এলাকায় হামলা চালিয়েছে দখলদার দেশটি। এসব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েক অনেকে। বৃহস্পতিবার (৩০ মে) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


আল জাজিরার সাংবাদিকরাও জানিয়েছেন, রাফাহতে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছে অনেকে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহতে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। হামলায় অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, বেশিরভাগ শরণার্থী শিবিরে মারা গেছেন।

 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা মিশরের সঙ্গে গাজার সীমান্তের পুরো অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত।

 

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি বলেছেন, ‘হামাসের শক্তি ধ্বংস’ করতে গাজার যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে। রাফাহ এর পশ্চিমে তাল আস-সুলতানে আহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করার সময় ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে দুই প্যারামেডিককে বোমা মেরে হত্যা করে।

 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। সাড়ে আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকরই বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ৮১ হাজারের বেশি।

 

Ads