যুক্তরাষ্ট্রে যৌন সংসর্গের মাধ্যমে প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৩৭ পিএম


যুক্তরাষ্ট্রে যৌন সংসর্গের মাধ্যমে প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রথমবারের মতো স্থানীয়ভাবে জিকা ভাইরাসের সংক্রমণের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা। মশাবাহিত এই রোগটি যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়েছে বলে জানা যায়।

জিকা ভাইরাস সাধারণত মশার মাধ্যমে ছড়ায়। তবে যুক্তরাষ্ট্রের ঘটনাটিকে বিরল ঘটনা হিসেবে বলা হচ্ছে। আক্রান্ত রোগী বিদেশ ভ্রমণ না করলেও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছেন এমন একজনের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছে। সংক্রমণের এই সংবাদটি নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি।

দক্ষিণ আমেরিকায় হাজার-হাজার শিশু অপরিপক্ব মস্তিষ্ক নিয়ে জন্ম নেয়ার কারণ হিসেবে মশাবাহিত জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে।

সিডিসির কর্মকর্তা ড. এ্যান শুকেট বলেন, বিদেশ ভ্রমণ না করেও এই প্রথম মার্কিন কোন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হলো। যুক্তরাষ্ট্রের ওই এলাকায় মশার কোন সমস্যা নেই, সুতরাং আমাদের তথ্য যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমণের দিকে ইঙ্গিত করছে। সাধারণত জিকা ভাইরাসে তেমন কোন উপসর্গ দেখা না গেলেও গর্ভধারিনী মায়েদের ক্ষেত্রে এটি মারাত্মক জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। সৌভাগ্য হচ্ছে যে, এই ক্ষেত্রে গর্ভধারণের কোন বিষয় নেই।

এর আগে বিদেশফেরতদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে জিকা সংক্রমণের ঘটনা ঘটলো। তবে যৌন সম্পর্কের মাধ্যমে জিকা সংক্রমণের এটিই প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে এধরণের আরেকটি সংক্রমণ ঘটেছিল বলে উল্লেখ করে সিডিসি।

জিকা ভাইরাসটি সম্প্রতি পুরো আমেরিকা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ঘিরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Ads