ভূমিকম্পে তাইওয়ানে নিহতের সংখ্যা বেড়ে ৭, অনেকে নিখোঁজ
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:২৪ পিএম
আন্তজাতিক ডেস্ক :: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তাইওয়ানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ৫৭ মিনিটে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় তিয়ানান শহরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৭ বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। পরে তা কমিয়ে ৬ দশমিক ৪ বলে সংস্থাটি। প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্পটি। এ ঘটনায় কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২২১ জনকে জীবিত উদ্ধার করা গেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। ১৭তলার ওই ভবনেই ৬০টি পরিবারের বাস ছিল বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
এদিকে, তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ১৫৫ জন আহত হয়েছেন। তবে সংবাদ সংস্থা ইটি দাবি করেছে, এ পর্যন্ত ৩১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাইওয়ান জুড়ে ভূকম্পন পরবর্তী বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে। এমনকি তিয়ানান থেকে ৩০০ কিলোমিটার দূরবর্তী রাজধানী তাইপেও কেঁপে উঠেছে।




















