ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২৬, ০৯:১২ এএম


ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) দূরে অবস্থিত। ভূগর্ভের প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল) গভীরে ছিল এর অবস্থান।

প্রথম ধাক্কার মাত্র এক মিনিট পরেই আঘাত হানে দ্বিতীয় এবং আরও শক্তিশালী একটি ভূমিকম্প, যার মাত্রা ছিল ৭.৫। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই দ্বিতীয় কম্পনটির কেন্দ্রস্থল ছিল মোরন এলাকা থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

পরপর দুটি শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। প্রাণভয়ে ও আতঙ্কে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে আকস্মিক এই বিপর্যয়ে তাৎক্ষণিকভাবে ঠিক কতজন হতাহত হয়েছেন কিংবা কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি।

ভেনেজুয়েলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে। নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে ইতিমধ্যে দেশটির প্রায় সবকটি বাহিনী ও উদ্ধারকারী দল একযোগে তৎপরতা শুরু করেছে।

 

Ads