দীঘিনালায় ২১ টন সার জব্দ, ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারের কারাদণ্ড


দীঘিনালায় ২১ টন সার জব্দ, ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারের কারাদণ্ড

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুদ এবং নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের অভিযোগে ২১ মেট্রিক টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে (২৭) সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নে অবস্থিত এসএস ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ওই দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দীঘিনালা উপজেলার ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ফারিয়া সুলতানা। এ সময় দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, সরকারি বরাদ্দের সার যথাযথভাবে সংরক্ষণ ও কৃষকদের মধ্যে নির্ধারিত নিয়মে বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Ads