খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা কার্যালয়ের দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাঙামাটি কার্যালয়ের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেন। এ সময় দলের সদস্যদের জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই এবং প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে গত বছরের ৭ জুলাই মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী দুদকে লিখিত অভিযোগ করেন। অভিযোগে সাবেক চেয়ারম্যানের পাশাপাশি পরিষদের আরও তিন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, নথিপত্র যাচাই এবং প্রকল্পের বাস্তব অবস্থা পর্যালোচনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে অভিযানে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

























