মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা


মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম ধাপে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

সকাল ১০টায় আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা যায়, প্রথম ধাপে চৌংড়াছড়ি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন দুর্ভোগ কিছুটা লাঘব করতে এ সহায়তা দেওয়া হয়।

স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন বিবেচনা করে পর্যায়ক্রমে আরও পরিবারকে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলী দেওয়ান ও তাছলিমা সিরাজ সিমা এবং খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আবদুল মজিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Ads