হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ কার্যকর হয়েছে শপথ গ্রহণের দিন থেকে।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
অতিরিক্ত বিচারপতি হিসেবে নির্ধারিত দুই বছর পূর্ণ করলেও বয়সের শর্ত পূরণ না হওয়ায় আগে তাকে স্থায়ী করা হয়নি। বয়সের শর্ত পূরণ করার পর তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। তার নিয়োগের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারকের সংখ্যা বেড়ে ১০০ জন হয়েছে।


































