শিশুরা একটি জাতির ভিত্তি,

শিশুদের প্রারম্ভিক যত্ন-বিকাশ নিশ্চিত করা সকলের দায়িত্ব- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মো: ইয়ামিন

২৬ মে ২০২৫, ০৫:৩৫ পিএম


শিশুদের প্রারম্ভিক যত্ন-বিকাশ নিশ্চিত করা সকলের দায়িত্ব- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

 

মাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুরা একটি জাতির ভিত্তি। শিশুদের সার্বিক উন্নয়নের জন্য শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এলক্ষ্যে সরকার শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা, মৌলিক চাহিদা পূরণ, সুযোগের সমতা, অধিকার ও দায়িত্ব, জনস্বাস্থ্য এবং নৈতিকতা রক্ষার বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।

আজ সোমবার (২৬ মে) ঢাকায় ব্রাক ইউনিভার্সিটিতে দু দিনব্যাপী জাতীয় ইসিডি সম্মেলন ২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতির “১২ বছর- আমরা কোথায়” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের নিউট্রিশন সেকশনের প্রধান এম এস দীপিকা মেহরিস শর্মা, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপার্সন ডক্টর মঞ্জুর আহমেদ, ইসিডির সদস্য সচিব এম এস সৈয়দা সাজিয়া জামান প্রমূখ বক্তৃতা করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “শিশুদের সুরক্ষা অধিকার নিশ্চিত করতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর জোর দিতে হবে। নিরাপদ মাতৃত্বের জন্য মাকে পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে। কারণ গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য শিশুর প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ। তাই সুস্থ ও স্বাস্থ্যসম্মত শিশুর ভ্রুন বেড়ে উঠতে উপযুক্ত পরিবেশ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা সকলের দায়িত্ব।”

তিনি বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে শিশু পুষ্টির উন্নয়নে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ভালো পুষ্টি শিশুদের বেঁচে থাকা, বুদ্ধিমত্তা ও বিকাশের মূল ভিত্তি। শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পরিবারগুলোর সহায়তায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে পুষ্টি, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সেবাগুলো আরও উন্নত ও সহজলভ্য হয়।

তিনি আরও বলেন, শৈশবকালীন সুষম খাদ্যের সংকট বৃদ্ধির পেছনে রয়েছে পুষ্টিকর খাদ্য কেনার অক্ষমতা, পিতা-মাতাদের মধ্যে সচেতনতার অভাব, পুষ্টিকর খাদ্যের পরিবর্তে প্রক্রিয়াজাত ও চিনি মিশ্রিত কমলা পানীয়ের প্রচুর বিপণন এবং জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য উৎপাদনের ক্ষতি। জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ, বিশেষ করে সতেজ খাবারের প্রাপ্যতা ও কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা হ্রাসের ফলে খাদ্যের দাম বৃদ্ধিও অন্যতম কারণ।

শারমীন এস মুরশিদ বলেন, শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশে জন্মপূর্ব ও জন্মোত্তর পরিবেশের গুরুত্ব অপরিসীম। তাই পরিবার ও সমাজে শিশুর প্রারম্ভিক বিকাশের গুরুত্ব সম্পর্কে ব্যাপক সচেতনতা ও প্রচারণা চালাতে হবে। এই নীতির সফলতা নির্ভর করছে সরকার, পরিবার, সমাজ এবং আন্তর্জাতিক স্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার উপর।

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষা ও শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

Ads