পার্বত্য চট্টগ্রাম চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে বাস্তবায়নে কাজ করবে সরকার: সাচিং প্রু জেরি
২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার এ বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত আন্তরিক। এর অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী এবং সমতলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম।
শনিবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতের সরকারগুলো যেভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে কাজ করেছে, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে। পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।



























