সার্ককে কার্যকর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিশেষ বৈঠকে বসলেন এসজেএফ-এর নেতৃবৃন্দ
২০ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুন কার্যকর করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলমের সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করেছেন সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) নেতৃবৃন্দরা।
এসজেএফ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব)। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এসজেএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি আসিফ হাসান নবী ও মো. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজা মাহমুদ এবং উপদেষ্টা মুস্তাক আহমেদ মোবারকী।
বৈঠকে উভয় পক্ষ সার্কের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এই আঞ্চলিক জোটটিকে আরও কার্যকর করতে একে পুনরুজ্জীবিত করার জরুরি প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় উঠে আসে যে, রাজনৈতিক জটিলতা সত্ত্বেও আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক একীকরণ, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে সংযোগ (পিপল-টু-পিপল কানেক্টিভিটি) বাড়াতে সার্ক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে টিকে আছে।
এসজেএফ নেতারা আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াগুলোকে অরাজনৈতিক রাখা এবং বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনস্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম সহযোগিতা ও সংস্কৃতি সংরক্ষণের মতো ক্ষেত্রগুলোতে কার্যকর সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ভুল তথ্য প্রতিরোধ এবং আঞ্চলিক সহযোগিতার পক্ষে জনমত গঠনে সাংবাদিক ও গণমাধ্যম সংস্থাগুলোর ভূমিকার কথা তুলে ধরেন।
মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম আঞ্চলিক সহযোগিতার চেতনাকে বাঁচিয়ে রাখতে সার্ক জার্নালিস্ট ফোরামের মতো পেশাজীবী সংস্থাগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি সার্কের প্রতি বাংলাদেশের নিরবচ্ছিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে, সুশীল সমাজ, গণমাধ্যম ও পেশাজীবী ফোরামগুলোর ক্রমবর্ধমান অংশগ্রহণ আঞ্চলিক সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে।
বৈঠকে সার্ক দেশগুলোর মধ্যে সংলাপ বৃদ্ধিতে গণমাধ্যম-চালিত উদ্যোগগুলোর সম্ভাব্য অবদান নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি (Public Diplomacy) উইংয়ের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ এবং সার্ক ও বিমসটেক উইংয়ের সহকারী সচিব মো. নূর-ই-শাহান রাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সদস্যরা, যাঁরা গত ৪-৫ জানুয়ারি ভারতের নালন্দায় অনুষ্ঠিত 'আন্তর্জাতিক মাতৃভাষা ও আন্তর্জাতিক পুরস্কার-২০২৬' বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছিলেন, তাঁরা তাঁদের অভিজ্ঞতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শেয়ার করেন।
সম্মেলনে অংশ নেতৃবৃন্দরা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক বন্ধন সুদৃঢ় করতে এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধিতে সাংস্কৃতিক ও ভাষাগত সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
































