ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল এমসি কলেজ
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০ পিএম
ছবি- সংগৃহীত
সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস। এমন জঘন্য ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে ও অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ করছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এই করোনা মহামারীতে কলেজ বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কিভাবে খোলা রাখেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অবগত থাকার পরেও কেন ছাত্রাবাস বন্ধ করে দেয়া হল না।
এই বিক্ষোভে শিক্ষার্থীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন। আন্দোলন চলাকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য কলেজ ও ছাত্রাবাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার সিলেটের এমসি কলেজে এক তরুণী তার স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটকে গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী, এ সময় ৫-৬ জন দৃর্বৃত্ত তরুণীকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌঁড়ে আসে। তার স্বামী এসে বাধা দিতে চাইলে তাকেসহ দুজনকেই অস্ত্রের মুখে নিয়ে যায় এমসি কলেজ হোস্টেলের ৭ নম্বর ব্লকে। সেখানে নিয়ে গিয়ে স্বামীকে একটি কক্ষে তালাবদ্ধ করে তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকালে সিলেটের শাহপরান থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার। ছাত্রলীগের ৬ নেতা ও অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এই গণধর্ষণের মামলার আসামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা সাইফুর রহমান, রনি, রবিউল ইসলাম, মাসুম, তারেকুল ইসলাম ও অর্জুন লস্কর। সাইফুরের বাড়ি বালাগঞ্জে, রনির বাড়ি হবিগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাছুমের কানাইঘাটে, তারেকের বাড়ি সুনামগঞ্জে ও অর্জুনের জকিগঞ্জে। ধর্ষণের ঘটনায় এই অভিযুক্ত ৬ জনের মধ্যে সাইফুর রহমান নামে একজনের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা, একটি ছুরি ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।






















