খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের ৯৯ ঘটনা, বিশেষ ট্রাইব্যুনালসহ ১৩দফা দাবি


খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের ৯৯ ঘটনা, বিশেষ ট্রাইব্যুনালসহ ১৩দফা দাবি

ছবি: প্রতিদিনের চিত্র

খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ৯৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের ৪৫টি, আত্মহত্যার চেষ্টার ৩০টি, মানসিক নির্যাতনের ৫টি, অপহরণের ৫টি, ধর্ষণের ৯টি, ধর্ষণচেষ্টার ৪টি এবং অন্যান্য একটি ঘটনা রয়েছে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ, বিচারপ্রাপ্তি নিশ্চিত এবং ভুক্তভোগীদের সুরক্ষায় তিন পার্বত্য জেলায় বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনসহ ১৩ দফা দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত এক সেমিনারে এসব দাবি তুলে ধরা হয়। সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একই ইনস্টিটিউটের হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক কমিটির সদস্য ও জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধি দয়ানন্দ ত্রিপুরা। তিনি খাগড়াছড়ি জেলার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, ভাষাগত বৈচিত্র্য এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার প্রতিবন্ধকতার কারণে অনেক নারী ও কন্যাশিশুর জন্য বিচার ও সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।

মূল প্রবন্ধে বলা হয়, খাগড়াছড়িতে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯৯টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি, ৪৫টি। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা ৩০টি, ধর্ষণ ৯টি, মানসিক নির্যাতন ৫টি, অপহরণ ৫টি, ধর্ষণচেষ্টা ৪টি এবং অন্যান্য একটি ঘটনা রয়েছে।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে মূল প্রবন্ধে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য উল্লেখ করে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ১৮৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩১ জন ধর্ষণ এবং ৫৫ জন হত্যার শিকার হন। একই সংস্থার তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নির্যাতনের শিকার হয়েছেন ২৪০ জন নারী ও কন্যাশিশু, যাঁদের মধ্যে ১০৯ জনের বয়স ১৮ বছরের নিচে।

এ ছাড়া মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এইচআরএসএস) ২০২৬ সালের প্রথম ছয় মাসের প্রতিবেদনে ৪০৪টি ধর্ষণ, ৮৮টি দলবদ্ধ ধর্ষণ, ৪৭৬টি যৌন হয়রানি এবং ধর্ষণের পর ১৭টি হত্যাকাণ্ডের তথ্য উল্লেখ করা হয়েছে। একই সময়ে পারিবারিক সহিংসতায় ৩২০ জন নারী নিহত এবং ১৪৭ জনের আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ৪৫৩ জন।

মূল প্রবন্ধে বিবিএস-ইউএনএফপিএর ২০২৪ সালের জাতীয় জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়, দেশের ৭৬ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে বর্তমান বা সাবেক স্বামীর মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন। জরিপের আগের ১২ মাসে সহিংসতার শিকার হয়েছেন ৪৯ শতাংশ নারী। সহিংসতার শিকার নারীদের ৬২ শতাংশই কাউকে বিষয়টি জানাননি।

প্রবন্ধে আরও বলা হয়, নারীর প্রতি সহিংসতার ধরন এখন শুধু শারীরিক, যৌন ও পারিবারিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার, অনলাইন বুলিং এবং সামাজিক বিচারের নামে হয়রানিও নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে কিশোরী ও তরুণীদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের ওপর এসব ঘটনার নেতিবাচক প্রভাব পড়ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা।

খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মী পিংকি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য, ডব্লিউআরএনের জেলা সমন্বয়কারী ও আলাম-এর সভানেত্রী নমিতা চাকমা।

আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিত চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, আলো'র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা এবং কাবিদাংয়ের নির্বাহী পরিচালক লালসা চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মূল প্রবন্ধে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিন পার্বত্য জেলায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন, বিদ্যমান ট্রাইব্যুনালের জনবল বৃদ্ধি ও দ্রুত বিচার নিশ্চিত করা, পার্বত্য অঞ্চলের ইউনিয়ন, উপজেলা, জেলা ও আঞ্চলিক পরিষদে নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং কৃষিসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান মজুরি কার্যকর করা।

এ ছাড়া নারীর প্রতি বৈষম্যমূলক সামাজিক রীতি ও প্রথা বিলোপে স্থানীয় নেতৃত্ব, কারবারি, হেডম্যান এবং ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করা, প্রতিটি জেলায় ভুক্তভোগীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র ও সহায়তা কেন্দ্র স্থাপন, জরুরি চিকিৎসা, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি কার্যকর করার দাবি জানানো হয়।

প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র, ব্রেস্টফিডিং কর্নার ও নারীবান্ধব শৌচাগার স্থাপন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

মূল প্রবন্ধে বলা হয়, ভুক্তভোগীর সম্মতি, ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে সহায়তা দিতে হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, সম্প্রদায়গত কিংবা ভাষাগত প্রতিবন্ধকতার কারণে কেউ যেন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে মিজ গীতিকা ত্রিপুরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু নারীদের একার দায়িত্ব নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। ভুক্তভোগীকে দোষারোপ না করে তাঁর পাশে দাঁড়ানো, অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাই’। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী এ প্রচারাভিযান পালিত হচ্ছে।

Ads