বন্ধ শিল্পের ঋণে সুদ সর্বোচ্চ ৭%, ৬ মাস গ্রেস পিরিয়ড

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম


বন্ধ শিল্পের ঋণে সুদ সর্বোচ্চ ৭%, ৬ মাস গ্রেস পিরিয়ড

ছবি: সংগৃহীত

ন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রাক-অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলার অনুযায়ী, স্কিমের আওতায় ঋণগ্রহীতারা ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর সুদ আদায় শুরু হবে। এ সময় প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও আদায়ের আওতায় থাকবে।

স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে প্রাক-অর্থায়ন নেওয়ার পর প্রথম ছয় মাস এ সুদ পরিশোধের প্রয়োজন হবে না।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে। একই সঙ্গে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমটির মেয়াদকালীন তিন বছরের মধ্যে যেকোনো সময় ব্যাংকগুলো প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।

অর্থাৎ, স্কিমের আওতায় সুবিধা নিতে আগ্রহী ব্যাংকগুলো তিন বছরের মধ্যে যেকোনো সময়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করার সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে তহবিলের পর্যাপ্ত প্রাপ্যতা থাকতে হবে।

স্কিমের আওতায় দেওয়া অর্থ নির্ধারিত কাজে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণের ব্যবহার ও আদায় পরিস্থিতি নিয়মিত তদারক করতে হবে।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সুদ পরিশোধের হিসাবও নিষ্পত্তি করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে দেওয়া নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Ads