শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল ৩৮ লিটার বিদেশি মদ
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। ফ্লাইটটি ওই দিন রাত পৌনে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজনদের ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে একে একে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
এনবিআর জানিয়েছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এটি যাত্রীদের ব্যক্তিগতভাবে মদ বহনের ঘটনা, নাকি এর পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।


























