তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম


তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘গোপন বৈঠক’ করার সময় জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি সূত্র।

ডিএমপির তেজগাঁও বিভাগের ওই সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে আটক ব্যক্তিরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তেজগাঁও কলেজ জামে মসজিদে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়েছে। তবে এ বিষয়ে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।

এ বিষয়ে সিটিটিসির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে ডিএমপির তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ২৩ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক দল রয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Ads