ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা
১১ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম
ট্রেন থেকে ফেলে দেওয়া আহত মো. আমিনুর ইসলাম। ছবি- সংগৃহীত
পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে একব্যক্তিকে ফেলে দিয়েছেন ছিনতাইকারীরা। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের চকরঘুনাথ এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের রেজিষ্টার খাতায় আহত ব্যক্তির নাম মোঃ আমিনুর ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন বলে লেখা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। তিন জনের ধস্তাধস্তির একপর্যায়ে চকরঘুনাথ এলাকায় তাঁকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর একটি হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান বলেন, ‘তার একটি হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’






















