খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের স্বাস্থ্য প্রশিক্ষণ শুরু


খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের স্বাস্থ্য প্রশিক্ষণ শুরু

দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কমাতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে গুইমারা সরকারি কলেজের হলরুমে উপজেলার ১৫ জন শিক্ষিত তরুণীকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল।

প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, আরএমও ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নজীব, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শোভন দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলো থেকে জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে প্রশিক্ষিত তরুণীদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Ads