পাহাড়ে পর্যটন বিকাশে অর্থের প্রবাহ বাড়িয়ে বেকারত্ব কমানোর আহ্বান এমপি ওয়াদুদের
১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
পাহাড়ের সম্ভাবনাময় এলাকাগুলোতে পর্যটনকেন্দ্র গড়ে তুলে অর্থের প্রবাহ বাড়ানোর মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা।
তিনি বলেন, পাহাড়ের বিভিন্ন এলাকায় পর্যটন বিকাশের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, খাগড়াছড়ির পাহাড়, ঝরনা, বন ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে পর্যটনশিল্প বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানও বাড়ানো সম্ভব।
তিনি বলেন, পর্যটনের সঙ্গে পরিবহন, আবাসন, রেস্তোরাঁ, স্থানীয় পণ্য ও হস্তশিল্প বিক্রি, কৃষিপণ্য এবং ক্ষুদ্র ব্যবসা সরাসরি যুক্ত। ফলে একটি পর্যটনকেন্দ্র গড়ে উঠলে এর অর্থনৈতিক সুফল আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে।
পর্যটন বিকাশের পাশাপাশি তরুণদের জন্য বিনোদন ও খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য। তিনি বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলা, বিনোদন এবং পর্যটনকেন্দ্রিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
জেলা পরিষদ হর্টিকালচার পার্কে নতুন বিনোদন সুবিধা যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন যুক্ত হওয়ায় পার্কটির বিনোদন সুবিধা বৃদ্ধি পেয়েছে। পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ভবিষ্যতে আরও নতুন বিনোদন ব্যবস্থা যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, হর্টিকালচার পার্ককে আরও আকর্ষণীয় ও আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

















