ভারত-পাকিস্তানের মধ্যে এখন কী চলছে জানেন না ক্রিকেটার রিজওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে ২০২৫, ১২:৫০ পিএম


ভারত-পাকিস্তানের মধ্যে এখন কী চলছে জানেন না ক্রিকেটার রিজওয়ান

 

পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান-ভারতের মধ্যে এখন কী চলছে, তার কিছুই জানেন না।

সম্প্রতি রিজওয়ান ক্রিকেটে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন। লাহোরে পাকিস্তান সুপার লিগের এক ম্যাচের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। আমি জানি না পাকিস্তান-ভারতের মধ্যে কী হচ্ছে—আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না।’

আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে রিজওয়ান বলেন, ‘আমরা যখন বিরাট কোহলি কিংবা জো রুটের মতো খেলোয়াড়দের সঙ্গে দেখা করি, তখন আমরা একটা ক্রিকেটীয় পরিবারের মতো আচরণ করি। আমরা তাদের কাছ থেকে শিখি, তারাও আমাদের থেকে শেখে।’

এদিকে পাকিস্তান সুপার লিগ থেকে গত রাতে বিদায় নিয়েছে রিজওয়ানের দল মুলতান সুলতান্স। এর পেছনে নিজ দলের ভুল স্বীকার করেছেন তিনি। তার কথা, ‘আমরা সঠিকভাবে কন্ডিশন বুঝে দল গড়েছি, তবে ফিল্ডিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। ভুল করেছি, তাই হার মেনেছি।’

অধিনায়কত্বটা কি চাপের হয়ে যাচ্ছে কি না, এমন প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘চাপ তো অবশ্যই থাকে। পাকিস্তানের অধিনায়কত্ব হোক বা মুলতানের, সবাই তাকিয়ে থাকে। এই চাপ মেনে নিয়েই আমাদের উন্নতি করতে হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটের বদলে যাওয়া ধরণ নিয়ে রিজওয়ানের বিশ্লেষণ, ‘মানুষ বলে আধুনিক টি-টোয়েন্টি খেলতে হবে, কিন্তু পরিস্থিতি তো সেটার অনুকূলে থাকে না। এখানে এমন কন্ডিশন থাকে যে টি-টোয়েন্টিতেও টেস্ট ম্যাচের মতো খেলতে হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছেন—১২০ রান করাও কঠিন ছিল।’

তুলনার বদলে বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘অন্যরা কী করছে সেটা না ভেবে কন্ডিশন কী বলছে, সেটাই বুঝে খেলা উচিত।’ বাবর আজমের পেশোয়ার দল নিয়ে এক প্রশ্নে রিজওয়ান বলেন, ‘পেশোয়ারের জন্য দোয়া করি। আমরা যদি আমাদের ক্যাচগুলো ধরতে পারতাম, আজ এই অবস্থায় পড়তাম না।’

 

Ads