খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে আগুন
১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতেও যথারীতি গাড়িগুলো সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করে রাখা হয়েছিল। সেখানে নিয়মিত চারটি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে দুটি গাড়ির বিভিন্ন অংশ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

























