রামগড়ে সেনা-পুলিশের যৌথ অভিযানে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সাগর দেবনাথ ওই এলাকার প্রয়াত জদু দেবনাথের ছেলে।
সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি দল রামগড় থানা-পুলিশের সহযোগিতায় এ যৌথ অভিযান চালায়। এ সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ব্যক্তিকে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হবে।


























