জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম


জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল


দেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।

আজ বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সব কথা অস্পষ্ট। এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট কাটবে না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি অত্যন্ত হতাশ! গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে। বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ এটাই ছিল ইতিহাস।

তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃত করেছে, পুনরায় ইতিহাস বিকৃত হোক সেটা আমরা চাই না। প্রকৃত সত্যকে লালিত করে জনগণের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে ততই দ্রুত সব সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ নয় মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর এই জাতির ওপরে নির্যাতন চালিয়েছে। তারা হত্যা করেছে, গুম-খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবে।
 

Ads