হাসিনা যা বলেন, তা কখনো করেন না: আমানউল্লাহ আমান
০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, পালিয়ে যাওয়া কোনো ‘ফ্যাসিস্ট’ শক্তির পক্ষে আবার ক্ষমতায় ফিরে আসা সম্ভব নয়।
তিনি বলেন, শেখ হাসিনা যা বলেন, তা বাস্তবে করেন না। নেতাকর্মীদের মনোবল ধরে রাখতেই তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।
শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ তুলে আমানউল্লাহ আমান বলেন, তাঁর ভাষায় ‘ফ্যাসিস্টদের দোসররা’ নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও ডাকাতির মতো ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে। তবে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় দেশকে অস্থিতিশীল করা সম্ভব নয়। তারপরও সংশ্লিষ্টদের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস, এসআরবি-১০-এর ডিএডি নাজির হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্টরা।
























