ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম


ফুটপাতের ব্যবসায়ীদের বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বিকল্প স্থান তৈরি করে সেখানে ব্যবসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সড়ক যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের হাঁটার জন্য নির্ধারিত। কিন্তু সামাজিক শৃঙ্খলার ঘাটতির কারণে ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ রাজধানীতে এসে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হয়। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে নির্ধারিত স্থানে তাদের ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা এ সমস্যার টেকসই ও সমন্বিত সমাধানের কথা বলেছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হলে সেখানে তারা ব্যবসা করতে পারবেন এবং সিটি করপোরেশনও যৌক্তিক হারে কর পেতে পারে। তবে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া উচিত নয়।

মিরপুর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি।

সবাইকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Ads