জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন- তাসনিম জারা
২৩ মে ২০২৫, ১২:৪৮ পিএম
জুলাই বিপ্লবের পর গত রাতটি সবচেয়ে কঠিন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
আজ শুক্রবার (২৩ মে) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
তিনি পোস্টে লিখেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন। আমি আপনাদের সাথে এমন একটি ভাবনা শেয়ার করতে চাই, যা আমাকে জাগিয়ে রেখেছে।
গণতান্ত্রিক উত্তরণের ঝুঁকি নির্দেশ করে তিনি লিখেন, রাজনৈতিক নেতাদের ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকিতে ফেলেছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশের জন্য এমন একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না, যারা দেশের জন্য রক্ত দিয়েছে।
তিনি আরও লিখেন, ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনে ভয় পায়, তারাই নতুনের খোলসে পুরাতন বন্দোবস্ত নিয়ে হাজির হয়। সেজন্য তারা নানা ভাঙন ও মেরুকরণের মধ্য দিয়ে যায়।
বিপ্লবের স্পিরিটকে ধারণের আহ্বান জানিয়ে জারা লিখেন, তবে আমাদের এখানে তা ঘটতে দেয়া উচিত নয়। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লবী জনতাকে সঙ্গে নিয়ে চলতে হবে। তাদের কাছেই আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা লিখেন, এবার ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে দিন। আর বিভাজনের দিকে যাবেন না।
উল্লেখ্য, জুলাইয়ের কিছুদিনের মধ্যেই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে দেখা দিয়েছে ভাঙন, এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ঘটেনি উত্তরণ। নানা মহল থেকে বাড়ছিল নির্বাচনের চাপ। ঢাকা শহর রূপ নেয় আন্দোলনের নগরীতে। এমন পরিস্থিতিতে হতাশায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে খবর চাউর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নিজের রাত্রিজাগরণ ও আশঙ্কার জায়গা থেকে এমন পোস্ট করেছেন জারা।






















