ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম


ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির

 

রাজধানী ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এ সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। সোমবার (০৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ বিক্ষোভের ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।

তিনি আহ্বান করে বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) এ মার্চটি শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

 

Ads