অবশেষে জয়ের দেখা পেলো চেলসি
০৬ নভেম্বর ২০১৫, ০৩:১১ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: একটানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো চেলসি। শেষদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দিনামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে হোসে মরিনিয়োর শিষ্যরা।
স্থানীয় সময় বুধবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি খেলার শুরু থেকেই গোলের জন্য চাপ তৈরি করে। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় চেলসি।
কিন্তু উইলিয়ানের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল পাঠান অতিথি দলের আলেক্সান্দার দ্রাগোভিচ। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া চেলসি ব্যবধান বাড়াতে পারতো প্রথমার্ধের যোগ করা সময়ে। তবে দলকে হতাশ করেন আর এক খেলোয়ার কস্তা।
খেলার ৭৭তম মিনিটে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলা কিয়েভ সমতা ফেরায়। কর্নার থেকে বল পেয়ে খল নায়ক দ্রাগোভিচ জোরালো শটে জাল খুঁজে নেন। চেলসির গোলরক্ষক বেগোভিচ এগিয়ে এসে বল ক্লিয়ার করতে পারেননি। দ্রাগোভিচের শট এক সতীর্থের গায়ে লেগে জালে জড়ায়।
সব ধরনের ফুটবলে সর্বশেষ ৭ ম্যাচের ৫ টিতেই হারা চেলসির দল তখন দারুণ চাপে পড়ে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভাপুলের বিপক্ষে এগিয়ে গিয়েও ৩-১ গোলে হারের তিক্ত স্মৃতি এখনও ব্লুজ নামে পরিচিত দলটির খেলোয়াড়দের মনে তাজা।
ম্যাচের ৮৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ৮৩তম মিনিটে আবার চেলসিকে এগিয়ে দেন উইলিয়ান। আর এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চেলসি জি গ্রুপের দুই নম্বরে উঠে এসেছে।





















