চীনকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম


চীনকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে গ্রুপ পর্বে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই চীনের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণভাগ ব্যস্ত হয়ে পড়ে। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।

এরপর ফিল্ড গোলে ব্যবধান বাড়াতে থাকে বাংলাদেশ। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া দারুণ এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন। ২৬ মিনিটে কনা আক্তারের গোলে তৃতীয়বারের মতো চীনের জালে বল পাঠায় বাংলাদেশ।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশের মেয়েরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে ব্যবধান ৪-০ হয়। দুই মিনিট পর, ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন আইরিন আক্তার রিয়া।

শেষ পর্যন্ত ম্যাচের ৪৮ মিনিটে আবারও গোল করেন মোসাম্মত লিমা। তাঁর দ্বিতীয় গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৬-০ ব্যবধানে।

চীনের মাটিতে বড় এই জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা চার ম্যাচে জয় পাওয়ায় সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দলটি।

পরবর্তী পর্বে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পাশাপাশি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগও তৈরি হবে বাংলাদেশের সামনে।

Ads