‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না’, বিদায়ী বক্তব্যে কাঁদালেন মেসি

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম


‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না’, বিদায়ী বক্তব্যে কাঁদালেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। ২১ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের জার্সিতে অসংখ্য সাফল্য এনে দেওয়া আর্জেন্টাইন মহাতারকার বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন সতীর্থ, কোচ ও ভক্তরা। তবে হাসি-কান্নায় মিশ্রিত বিদায়ী বক্তব্যে নিজের অনুভূতি, জাতীয় দলের অর্জন এবং ভবিষ্যতের কঠিন সময় নিয়ে কথা বলেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে এস্তাদিও মনুমেন্তালে ছিল উৎসবের আমেজ। আর্জেন্টিনাও ৩-০ গোলের জয় দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিনটি গোলই আসে মেসির প্রত্যক্ষ বা পরোক্ষ অবদানে। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন মেসি।

ম্যাচ শেষে মাইক হাতে নিয়ে মেসি শুরু করেন হাসিমুখে। একপর্যায়ে আবেগে ভিজে ওঠে তাঁর চোখ। প্রথমেই তিনি স্মরণ করেন সম্প্রতি হারানো বাবা হোর্হে মেসিকে।

মেসি বলেন, ‘কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছুই ঘুরছে। আজকের এই রাতে সবার আগে যার কথা আমার মনে পড়ছে, তিনি আমার বাবা।’

এরপর জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে এই শার্টটির প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল এক বিরাট গর্বের বিষয়।’

জাতীয় দলের হয়ে লড়াই ও অর্জনের কথাও তুলে ধরেন মেসি। তাঁর ভাষায়, আর্জেন্টিনার হয়ে খেলাই ছিল তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ দলের অর্জনগুলোর জন্য সতীর্থদের কৃতজ্ঞতা জানান তিনি।

মেসি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না।’

তবে জাতীয় দলের জার্সিতে আর মাঠে ফিরতে না পারার ভাবনাটি তাঁকে কষ্ট দিচ্ছে বলেও জানান মেসি। তিনি বলেন, সারা জীবন আর্জেন্টিনায় ফিরে আসতে চাইবেন। কিন্তু তাঁর মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।

সতীর্থদের ‘বীর যোদ্ধা’ হিসেবে অভিহিত করে মেসি বলেন, তাঁরা তাঁর সব স্বপ্ন পূরণ করেছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো শিরোপা জয়ের পাশাপাশি সতীর্থদের সঙ্গে তৈরি হওয়া পরিবেশটিও তিনি খুব মিস করবেন।

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মেসি। তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে এবং সেই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায়—এমন মানুষও আছে বলে মন্তব্য করে তিনি মহৎ কিছু অর্জনের জন্য ঐক্যবদ্ধ দল গড়ে তোলার আহ্বান জানান।

শেষে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনাদের সবাইকে আমি খুব মিস করব।’

নিজের ক্যারিয়ার নিয়ে গর্ব প্রকাশ করে মেসি বলেন, ‘আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমি নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি গর্বিত।’

Ads