বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ; একাদশে নেই লিওনেল
২৭ জুন ২০২৬, ১০:৫৯ এএম
চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। পুরো বিশ্ব যখন তার পায়ের জাদুতে বুঁদ, ঠিক তখনই মেসিপ্রেমীদের জন্য এলো এক বড় দুঃসংবাদ। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না আলবিসেলেস্তে অধিনায়ক। ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের আগের দিন আয়োজিত অফিসিয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেখানে তার মুখোমুখি হন ৯১ বছর বয়সী প্রবীণ সাংবাদিক এনরিকে মাকায়া মারকুয়েজ, যার ঝুলিতে রয়েছে ১৮টি বিশ্বকাপ আসর কাভার করার অবিশ্বাস্য অভিজ্ঞতা। এই কিংবদন্তির করা এক প্রশ্নের জবাবে স্কালোনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রবীণ এই সাংবাদিককে সম্মান জানিয়ে স্কালোনি বলেন, "এনরিকে, আপনার প্রশ্ন শুনতে পারা এবং আপনাকে এখানে দেখতে পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দের। ১৮টি বিশ্বকাপ কাভার করা সত্যিই অবিশ্বাস্য একটি ব্যাপার। আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমি গর্বিত, কারণ আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন থেকেই আপনাকে নিয়মিত দেখতাম। আপনি আমাদের কাছে তখনও কিংবদন্তি ছিলেন, এখনও আছেন।"
আবেগঘন পরিবেশ সামলে নিয়ে সাংবাদিক এনরিকের করা মূল প্রশ্নের উত্তর দেন স্কালোনি। তবে সেখানেও ছিল কিছুটা রহস্য ও চমক। স্কালোনি হাসিমুখে বলেন, "শুধুমাত্র আপনার (এনরিকে) খাতিরেই আমি এই তথ্যটি দিচ্ছি—লিওনেল মেসি আগামীকাল বেঞ্চে থাকবে। দলের বাকি একাদশ এখনই প্রকাশ করছি না, তবে এটা নিশ্চিত যে লিও শুরুর একাদশে খেলছে না।"
কোচ স্কালোনির এই স্পষ্ট ঘোষণার পর মেসিকে নিয়ে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। তবে মেসিপ্রেমীদের পুরোপুরি হতাশ হওয়ার কারণ নেই। জানা গেছে, জর্ডানের বিপক্ষে শুরু থেকে মাঠে না নামলেও ম্যাচের দ্বিতীয়ার্থে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে খুদে জাদুকরকে। মূলত ম্যাচের ছন্দ বজায় রাখা এবং আগামী ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিতব্য মহাগুরুত্বপূর্ণ ‘শেষ ৩২’-এর (নকআউট) ম্যাচের আগে মহাতারকাকে পুরোপুরি সতেজ ও প্রস্তুত রাখতেই কোচের এই কৌশলগত সিদ্ধান্ত।






















