সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী
০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সব নাগরিককে সমানভাবে দেখার পাশাপাশি ছেলে-মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস-২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে একটা খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে যাচ্ছি। যুদ্ধের কারণে এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। আমরা সবাইকে নিয়ে যে বাংলাদেশ গড়ার চিন্তা করছি, সেখানে এই শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, শিশুদের স্বার্থে আগামীর পথনির্দেশনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমির গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো সভ্য সমাজে শিশুদের সৃজনশীলতা ও মেধার বিকাশের জন্য একটি একাডেমি থাকা প্রয়োজন। বাংলাদেশ শিশু একাডেমি ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। শিশুদের ভবিষ্যৎ গঠনের রূপরেখায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
শিশুদের অভিভাবকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের সঙ্গে মা-বাবার যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা বেশি প্রশ্ন করলে তাদের উত্তর দিতে হবে। কারণ তাদের জানতে ও শিখতে হবে। যখন যে শিক্ষার প্রয়োজন, তখন তাদের সেই শিক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না। খেলাধুলা, অঙ্কন ও সংগীতেও ভালো করতে হবে। পাশাপাশি গান শেখা ও সাংস্কৃতিকভাবে নিজেদের গড়ে তোলার মাধ্যমে শিশুদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতির ভিত্তি তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।




























