স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
৩০ মার্চ ২০২৪, ০৫:৫৫ পিএম
ছবি- সংগৃহীত।
ঝালকাঠির নলছিটিতে আলোচিত সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় জরিত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯মার্চ) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব অর্ধশতাধিক পুলিশের একটি টিম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে একই মামলায় ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওবায়েদ কাজীর স্ত্রী। ওবায়েদ কাজী ওই ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর জেসমিন কাজী তিন দফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম একসময় চেয়ারম্যান কাজী জেসমিনের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। ইউনিয়নের রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে ওবায়েদ কাজীর মৃত্যুর পর পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বে গত ৭ জানুয়ারি খুন হন ফুয়াদ কাজী। ফুয়াদ কাজী প্রয়াত ওবায়েদ কাজীর ছোট ভাই ও জেসমিন কাজীর দেবর।
প্রসঙ্গত, গত রবিবার (৭ জানুয়ারি) রাতের দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পরে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুল ইসলাম পৌরসভার উপজেলার রাজপাশা গ্রামের বাসিন্দা। ১২ মার্চ সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম হাওলাদারকে (৪০) ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শাহাদাত হোসেনকও (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সাথে প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ফুয়াদ কাজী হত্যায় মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া তিনজনের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


























