গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের পক্ষে কথা বলার পর র্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিতর্ক চলছে। এর মধ্যেই গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শনিবারের কনসার্টে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।
কনসার্টে এড শিরান বলেন, গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মাত্রা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। একই সঙ্গে পশ্চিম তীরে চলমান অবিচারের বিষয়টিও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ম্যাকলেমোরকে শিরানের ট্যুর থেকে বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়। ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ম্যাকলেমোর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং গাজা ও ফিলিস্তিনিদের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। পরে তাকে শিরানের ট্যুরের বাকি যুক্তরাষ্ট্রের কনসার্টগুলো থেকে সরিয়ে দেওয়া হয়।
ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজের ভূমিকা অস্বীকার করেছেন এড শিরান। তিনি জানান, এ সিদ্ধান্ত ট্যুরের আয়োজক ও ভেন্যু কর্তৃপক্ষের চাপের মধ্যে নেওয়া হয়েছিল এবং ম্যাকলেমোরের সঙ্গে তার চুক্তি ছিল ট্যুর প্রোমোটারের। শিরান আরও বলেন, তিনি বিষয়টির সমাধানে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন।
এ ঘটনার প্রতিবাদে শিরানের ট্যুরের একাধিক সহশিল্পী সরে দাঁড়ান। ফিনিয়াস, লুকাস গ্রাহাম, অ্যারন রো এবং আইরিশ ব্যান্ড বিওগা ট্যুর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তারা ম্যাকলেমোরকে সমর্থন এবং শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানায়।
এরপর শনিবার ফিলাডেলফিয়ার কনসার্টে শিরান একাই মঞ্চে ওঠেন। অনুষ্ঠান শুরুর আগে ভেন্যুর বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভও হয়।
কনসার্টে শিরান বলেন, তিনি নিজেকে রাজনৈতিক সংগীতশিল্পী হিসেবে দেখতে চান না এবং তার অনুষ্ঠানগুলোতে ঐক্য ও মানবতার বার্তা তুলে ধরতে চান। তবে গাজা ও ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান।
অন্যদিকে, ম্যাকলেমোরও ফিলিস্তিনকেন্দ্রিক বিভিন্ন ত্রাণ ও সহায়তা সংস্থাকে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং কনসার্টের মঞ্চে রাজনৈতিক বক্তব্যের সীমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
























