মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

মোঃ আশরাফুল আলম

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম


মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক নির্মূলের উদ্যোগ নিতে হবে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মাদক সমস্যা নির্মূলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছেন।

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

Ads