আশুগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী আক্তার গ্রেপ্তার
১৯ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা হাজী আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাজী আক্তার হোসেন (৫৫) উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের মৃত সৈয়দ হোসেনের পুত্র ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বিল্লাল হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেলে থানা এলাকাধীন মৈশাইর গ্রামে অভিযান চালিয়ে হাজী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওইদিন বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। পরে ক্ষমতার পট পরিবর্তনের পর আহতরা বাদী হয়ে বিষ্ফোরক আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করে। আক্তার হোসেন এসব মামলার এজাহারভূক্ত আসামী।



























