ঝালকাঠি পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, ৩ দালাল আটক

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম


ঝালকাঠি পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, ৩ দালাল আটক

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।

 

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়। অপর দুই দালালকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযান পরিচালনা করে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কাওসার সিকদার (৩০)। তিনি শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

দূর্নীতি দমন কমিশনের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে আমাদের টিমের সদস্যরা সকালে এখানে অবস্থান নেয়। পরবর্তীতে তারা ছদ্মবেশে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও কার্যালয়টির সামনে থাকা একাধিক কম্পিউটারের দোকানদার ও লোকজনের সাথে কথা বলেন। এক পর্যায়ে অতিরিক্ত টাকার মাধ্যমে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলেন আনসার সদস্য ও দালাল। তখন তারা জানান টাকার ভাগ এই দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকেও দিতে হয়, এমনকি সহকারী পরিচালকেও। এসময় দালাল সন্দেহে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনার জেল ও জরিমানা দেয়া হয়। তিনি আরো বলেন, আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তাদের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান,  অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় দালাল সন্দেহে তিনজনকে আটক করার পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়। বাকি দুইজনকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. তৌহিদ উল আরিফ বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আনসার সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গিয়েছে তা তাদের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে। আর বাহিরের কেউ যদি আমার নাম ভাঙিয়ে টাকা খায় তার দায়ভার আমার নয়। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী এর সাথে জড়িত থাকে তাহলে তার সুনির্দিষ্ট প্রমাণের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Ads