বিএসএফের গুলিতে নিহত তরুণ প্রদীপ বৈদ্যের লাশ ৩৬ ঘণ্টা পর বাংলাদেশে হস্তান্তর
০২ জুন ২০২৫, ০২:৫৫ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশী তরুণ প্রদীপ বৈদ্যের (২৩) লাশ ৩৬ ঘণ্টা পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে বিএসএফ এই লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।
প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দওগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজিবির কাছে প্রদীপের লাশ হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি লাশটি কুলাউড়া থানাকে বুঝিয়ে দেয়।

























