দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের সক্রিয় হওয়ার আহবান
১৪ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম
বৈষম্যহীন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সচেতন নাগরিক কমিটি সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক নাগরিক।
শুক্রবার (১৪ আগস্ট) খাগড়াছড়ি সদরের জেলা শিশু একাডেমি মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভায় এসব কথা বলা হয়।
সভায় সনাকের ১১টি এসিজি কমিটির সদস্যরা অংশ নেন। তারা মাঠপর্যায়ে পরিচালিত স্বেচ্ছাসেবী কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে নাগরিক উদ্যোগের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
সনাক, খাগড়াছড়ির সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য শরৎ কান্তি চাকমা। টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
সভায় খাগড়াছড়ি সনাক-টিআইবির গত এক বছরের কার্যক্রম, অর্জন ও বিভিন্ন উদ্যোগের ওপর উপস্থাপনা দেন খাগড়াছড়ি এরিয়া কো-অর্ডিনেটর মো. নুরুল আলাল। পরে অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনায় স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, অর্জন ও শিক্ষণীয় বিষয় তুলে ধরেন।
আলোচনায় কাজী শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ সংগঠকদের আরও সক্রিয়ভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মো. জসীম উদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন সামাজিক আন্দোলনে তরুণদের ভূমিকার মতো দুর্নীতিবিরোধী আন্দোলনেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে বেলা রানী দাশ বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় দেশের মানুষ বিভিন্ন সময়ে সংগ্রাম করেছে। সেই লক্ষ্য অর্জনের ধারাবাহিকতায় দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হতে হবে।
সভায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন নাগরিক উদ্যোগের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সনাক খাগড়াছড়ির সহসভাপতি সলিতা চাকমা, সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা, ডা. শহীদুল্লাহ, সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলম, আবুল কাশেম, বিধান রায় বিশ্বাস, ত্রিনা চাকমা, মর্তুজা পলাশ সহ সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেনস গ্রুপের (এসিজি) সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সনাক সভাপতি বেলা রানী দাশের নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।























